...|...|...

জাতীয়

প্রশ্ন ফাঁসের অভিযোগ, যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৩
Shares
প্রশ্ন ফাঁসের অভিযোগ, যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত

রীক্ষা দিতে না পেরে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ায় যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরুর আগ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান।

এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন।

২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সারা দেশ থেকে আসা তিন লাখেরও বেশি প্রার্থীর। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেন অনেক পরীক্ষার্থী। তাদের অভিযোগ, পরীক্ষায় অংশ নিতে ঢাকায় আসার জন্য যাতায়াত, থাকা ও খাওয়াসহ উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়েছে। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রস্তুতি ও সময়ও নষ্ট হয়।

পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে প্রশ্নফাঁসের অভিযোগ করা হয়। সেখানে দাবি করা হয়, অধিদফতরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটির দায়িত্বেও রয়েছেন, তার এক আত্মীয়সহ অধিদফতরের একটি চক্র এ ঘটনার সাথে জড়িত।

এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিন-চার হাজার টাকা খরচ করে ঢাকায় পরীক্ষা দিতে এসেছি। এখন যদি পরীক্ষা স্থগিত হয়ে যায়, তাহলে আমাদের এই ভোগান্তির দায় কে নেবে? প্রশ্নফাঁসের অভিযোগ থাকলে তা আগেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।‘

দিনাজপুর থেকে আসা পরীক্ষার্থীর অভিভাবক মাহিদুল হোসেন বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখেই আজকে পরীক্ষা স্থগিত হয়েছে। কিন্তু এরকম পরীক্ষা আরও ফাঁস হচ্ছে, এগুলোতে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। এই প্রশ্ন ফাঁসের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।