...|...|...

ঢাকা

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে মামলা, ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৩
Shares
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে মামলা, ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ শাখা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সিবিএ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানান তারা।

সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি শোয়েব আহম্মদ বলেন, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি, অশালীন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন বলে তাদের অভিযোগ। এ বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, আমাদের সংগঠন একটি পেশাজীবী সংগঠন। রাজনৈতিক মতাদর্শের কারণে কারও ওপর হামলা বা চাঁদা দাবি করার প্রশ্নই আসে না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে চাঁদা দাবির যে অভিযোগ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা। ৫ আগস্টের পর থেকে আমাদের কেন্দ্রীয় কোনো নেতা কিশোরগঞ্জে আসেননি এবং এমন কোনো কর্মসূচিও ছিল না।

সংবাদ সম্মেলনে নেতারা আরও দাবি করেন, মাহমুদুল হাসানসহ কয়েকজন উপ-সহকারী প্রকৌশলী দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে কর্মরত রয়েছেন। সরকারি বিধিবিধান অনুযায়ী একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত থাকার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি, অশালীন ও উসকানিমূলক বক্তব্য এবং সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে করা মামলা ও হামলার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

তবে উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।