...|...|...

ময়মনসিংহ

পশু চিকিৎসককে জুতাপেটার ঘটনায় তরুণী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:২৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৯
Shares
পশু চিকিৎসককে জুতাপেটার ঘটনায় তরুণী গ্রেফতার

বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে পশু চিকিৎসককে জুতাপেটার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার। ছবি: টাইমস টুডে

ময়মনসিংহে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে এক পশু চিকিৎসককে মারধর ও জুতাপেটার ঘটনায় প্রধান অভিযুক্ত আফরিন রশিদ সেঁজুতিকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি পশু চিকিৎসাকেন্দ্রে গত শুক্রবার (২১ আগস্ট) একদল লোক ঢুকে চিকিৎসক মো. আশিকুর রহমানকে মারধর করেন। এ সময় এক নারী চিকিৎসককে জুতা দিয়ে পেটান। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় চিকিৎসক আশিকুর রহমান কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। 

অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার চেম্বারে ঢুকে হামলা, ভাঙচুর এবং টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তবে হামলার পেছনে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের বিষয়টিও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের পর কোতোয়ালি পুলিশ তদন্ত শুরু করে এবং রবিবার আকুয়া এলাকা থেকে আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং মামলার প্রধান অভিযুক্ত আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের টিম কাজ করছে।

এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজে চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।