পরাজিত শক্তির চিন্তার সাথে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি র্যালির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ৭ নভেম্বর আমাদের অসংখ্য টেলিভিশন দিয়েছে, বাকপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এসব অর্জনের পেছনে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সবাই জানেন। জিয়াউর রহমান আমাদের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা এমনকি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক।
তারই গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে। বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতাকামী মানুষের চিন্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ ঢাল হয়ে আছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
রিজভী আরও বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কিংবা দাসত্ব মেনে নেয়, তাদের মনে রাখা উচিত-এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীর আকাঙ্ক্ষা রয়েছে।
তিনি বলেন, যারা দেশের সার্বভৌমত্ব দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একাকার হয়ে রয়েছে।
পরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল র্যালি বের হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

