...|...|...

বিশ্ব

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে আইফেল টাওয়ার বন্ধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৪
Shares
ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে আইফেল টাওয়ার বন্ধ

ছবি: সংগৃহীত

একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মীরা ধর্মঘট শুরু করায় গতকাল সোমবার (৭ সেপ্টম্বর) বন্ধ হয়ে যায় ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার।

ব্রিটিট সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়,  শনিবার (৫ সেপ্টেম্বর) বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) সাথে যুক্ত প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শন করে। কর্মী ইউনিয়নের প্রতিনিধি ডায়ান ডেভোয়াঁ জানান, প্রতিনিধিদলটি পৌঁছানোর পর সেখানে পুরুষদের বসার ব্যবস্থা করতে নারী কর্মীদের কর্মস্থল ছেড়ে যেতে বলা হয়।

তিনি বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষ পরে কর্মীদের কাছে ক্ষমা চাইলেও বিষয়টি বিশেষ করে নারী কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। কয়েকজন কর্মীর সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তাতে তারা অপমানিত বোধ করছেন বলেও জানান তিনি।

ডেভোয়াঁ বলেন, পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতে কর্মক্ষেত্রে নারীদের সঙ্গে যেন এ ধরনের আচরণ না করা হয়, তা নিশ্চিত করার দাবিতে সোমবার সকালে কর্মীরা একত্রিত হয়ে ধর্মঘটে যান।

আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা এসইটিই জানিয়েছে, প্রতিনিধিদলটি সফরের সময় ‘নারীদের সঙ্গে মেলামেশা’ সীমিত রাখার অনুরোধ করেছিল। তবে সংস্থাটি স্বীকার করেছে, এ ধরনের শর্ত মেনে নেওয়া উচিত হয়নি।

এসইটিই আরও বলেছে, ওই শর্ত তাদের মূল্যবোধ এবং নারী-পুরুষের সমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটির সভাপতি আরিয়েল ওয়েল ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে নারী-পুরুষের সমতা ও প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি আইফেল টাওয়ারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এদিকে বিএপিএসের প্যারিস মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য দর্শনার্থীদের অসুবিধা এড়াতে আইফেল টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সাধারণ সময়ের আগেই তাদের সফরের আয়োজন করা হয়েছিল।

এক বিবৃতিতে তারা সফরের কারণে কোনো ধরনের কষ্ট বা অসুবিধা হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সেবার সর্বজনীন মূল্যবোধে বিশ্বাসের কথাও জানিয়েছে সংগঠনটি।

এর এক দিন আগে, রবিবার প্যারিসের উপকণ্ঠে ফ্রান্সে বিএপিএসের প্রথম বড় মন্দির উদ্বোধন করা হয়।