...|...|...

রাজনীতি

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৩
Shares
দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রথম লংমার্চ কর্মসূচি পালন করেছে দলটি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই রংপুরের উদ্দেশে লংমার্চ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

লংমার্চ কোনো একক দাবিতে করা হয়নি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লংমার্চ নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে। লংমার্চ তো আমরা একটা দাবিতে করিনি। বৈষম্য দূরীকরণ, মানুষের বাঁচার, শিল্প বাঁচানোর, জ্বালানি-বিদ্যুতের দাবি ছিল; অনেকগুলো দাবি ছিল।

প্রথম লংমার্চে গাড়িবহর নিয়ে যাওয়ার সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, উনারা বলছেন—গাড়ির বহর নিয়ে আমরা গিয়েছি। ইয়েস, গাড়ির বহর নিয়ে গিয়েছি। আমরা আরও বড় বহর নিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা সবকিছু বিবেচনায় নিয়েই প্রতীকী বহর নিয়ে গেছি। আমরা সর্বশক্তি উজাড় করে সেই বহর বিরাট করিনি।

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রথম লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করে শফিকুর রহমান বলেন, আমরা জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা যখন ঢাকা থেকে রওনা করে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছেছি রাস্তায় রাস্তায় জনগণের বিপুল সাড়া আমাদের অভিভূত করেছে। এরা সবাই কোনো দলীয় লোক ছিলেন না। এখানে সাধারণ জনগণ ছিল।

দ্বিতীয় লংমার্চের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের লংমার্চ একটা রুটে হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে হবে। এ মাসের ১৯ তারিখে রংপুরের দিকে আমাদের দ্বিতীয় লংমার্চটি অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে এভাবে হবে।

লংমার্চে জনদুর্ভোগ সৃষ্টি হয়নি দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের গোটা লংমার্চ ছিল সুশৃঙ্খল। এবং এর ভিত্তিতে বড় কোনো জনদুর্ভোগ হয়নি। তারপরও সামান্য যদি কোনো কষ্ট হয়ে থাকে, জনগণের কাছে আমরা ক্ষমা চাই, দুঃখ প্রকাশ করছি।

এসব কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা জনস্বার্থে এই দাবি নিয়ে নেমেছি। এটা কোনো দল এবং গোষ্ঠীর দাবি না। কাউকে উৎখাত করার এবং কাউকে বসানোর দাবি না। প্রত্যেকটা দাবি ছিল জনগণের অভিপ্রায়। আমরা সেই দাবিগুলো নিয়ে নেমেছি, আমরা আশাবাদী জনরায় বাস্তবায়ন হবে শেষ পর্যন্ত।