...|...|...

আবহাওয়া

দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, ঢাকায় বাড়বে গরম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৬
Shares
দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, ঢাকায় বাড়বে গরম

ছবি: সংগৃহীত

দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। তবে স্বস্তির বৃষ্টির এই পূর্বাভাস মিললেও গরম কমার কোনো সম্ভাবনা নেই; বরং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে ভ্যাপসা গরমে বৃষ্টি হলেও জনজীবনে গরমের অস্বস্তি পুরোপুরি দূর না হওয়ার সম্ভাবনাই বেশি।