দেশকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, তবে মানুষের জন্য পুরোপুরি বসবাসযোগ্য করতে চাই।’
শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে আরও পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় থাকা লেকগুলোর উন্নয়নে সংশ্লিষ্টদের সাথে একাধিক বৈঠক হয়েছে। এর ফলে আগামী এক বছরের মধ্যে ধানমণ্ডি লেকের চেহারায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া গত এক মাস ধরে হাতিরঝিল লেকের সংস্কার কাজ চলছে, যা নিয়মিত তদারকি করা হচ্ছে।
হাতিরঝিলের পরিবেশের আরও আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সেখানে নতুন করে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং লেকের দুই পাশে মাটি ফেলে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি সন্ধ্যার পর সেখানে যাতে কোনো হকার বা অবৈধ দোকানপাট বসতে না পারে, সেজন্য আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মাঠপর্যায়ে যে লার্ভা পাওয়া গেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি ও কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভার উপস্থিতি মিলেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে তিনি জানান, প্রতি শনিবার উপজেলা পর্যায়ের সব স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং জাতীয় পর্যায়েও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

