তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি ও রাজধানীর কাকরাইল মারকাজের দীর্ঘদিনের মুকিম ডা. সাইফুদ্দিন মারা গেছেন। রবিবার (২৫ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি ইন্তেকাল করেন।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুতে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

