...|...|...

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে লিফলেট বিতরণ করবে বিএনপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৫
Shares
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে লিফলেট বিতরণ করবে বিএনপি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারাদেশে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি প্রচার করা হবে।  

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানানো হয়। পাশাপাশি চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি সচেতনতামূলক প্রচারপত্র ঢাকা মহানগরীসহ সারাদেশে বিতরণের সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু সংক্রমণ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ ও কার্যক্রম নিয়েছেন, তার মধ্যে এটি অন্যতম। এ ছাড়া অন্যান্য উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়েছে।

রিজভী জানান, ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইড ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি রেডিও ও টেলিভিশনের মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ডেঙ্গু সচেতনতার জন্য বিএনপি এবং সরকার যেসব কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে। ডেঙ্গু প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোও প্রচার করা হবে, যাতে মানুষ সচেতন হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার ব্যবস্থা থাকতে হবে। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটিকে আবর্জনা রাখার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে দল থেকে এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে।

সাংগঠনিক বিষয়ে রিজভী বলেন, দলের বিভিন্ন শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতির উদ্যোগ নেওয়া হবে। তবে স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

এদিকে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

বৈঠকে বিএনপির নতুন সদস্য আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ডোনাও প্রথমবারের মতো অংশ নেন।