ডারউইনে ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পরও ম্যাকাই টেস্ট নিয়ে অতিরিক্ত প্রত্যাশায় ভাসতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার লক্ষ্য একটাই পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। প্রক্রিয়া ঠিক থাকলে ফলাফল এমনিতেই আসবে বলে বিশ্বাস তার।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্টের আগের দিন অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাজমুল হোসেন। তিনি জানান, প্রতিটি দিন ও প্রতিটি সেশনে ভালো ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য।
ডারউইনের জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস দিয়েছে স্বীকার করলেও সেটিকে এখন অতীত হিসেবেই দেখছেন অধিনায়ক। তার মতে, পেশাদার ক্রিকেটারদের দ্রুত আগের ম্যাচের আবেশ থেকে বের হয়ে নতুন ম্যাচে মনোযোগ দেওয়া জরুরি। তাই ডারউইনের সাফল্য ভুলে ম্যাকাই টেস্ট নতুনভাবে শুরু করতে চান তিনি।
দ্বিতীয় টেস্টের আগে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নাজমুল। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের আবহাওয়া কিছুটা ঠান্ডা এবং বাতাসও বেশি। তবে দুই দিনের অনুশীলনে নতুন কন্ডিশন সম্পর্কে খেলোয়াড়েরা ভালো ধারণা পেয়েছেন বলে মনে করেন তিনি।
নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ওপরই অনুশীলনে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নাজমুলের আশা, সবাই প্রস্তুতি কাজে লাগিয়ে নতুন টেস্টে ভালোভাবে শুরু করবেন।
এদিকে দলের চোট পরিস্থিতিও আপাতত স্বস্তিদায়ক। আঙুলে চোট পাওয়ার পর মুশফিকুর রহিম আবার ব্যাটিং করেছেন। আজও ব্যাটিং অনুশীলন করেছেন তিনি, যদিও সময়টা ছিল কিছুটা কম।
ডারউইনে সেঞ্চুরি করা তানজিদ হাসান ঘাড়ের আড়ষ্টতার কারণে আগের দিন ব্যাটিং করেননি। তবে আজ স্ক্যান করানোর পর নেটে ব্যাটিং করেছেন। তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের সকালে। অন্যদিকে প্রথম টেস্টে না খেলা সৌম্য সরকারও দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন।
তানজিদের বিষয়ে নাজমুল বলেন, আজকের পরিস্থিতি ইতিবাচক। সকালে আবার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দলে বিকল্পও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তিই বেশি। মুশফিক ভালো আছেন, তানজিদও ব্যাটিং করেছেন। তাই ম্যাচের সকালে একাদশ নিয়ে একটি ভালো সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশাবাদী অধিনায়ক।


