হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এ আইনি নোটিশ পাঠান।
বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বেসরকারি খাতে দেওয়ার অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশটি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আইনি নোটিশের মাধ্যমে অবহিত করা হয়েছে।
এদিকে দেশে সম্প্রতি হামের প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে সরাসরি হামের সংক্রমণে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উল্লেখ করা হয়েছে।


