...|...|...

ময়মনসিংহ

জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩৬
Shares
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ শাহ আলম (৪২) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তিনি উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ভাটারা পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির উঠান থেকে ইয়াবাসহ শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

শাহ আলম ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ডিবি পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সাথে জড়িত।

এ বিষয়ে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার দল নেবে না। তাকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা যুবদলের কাছে আবেদন পাঠানো হয়েছে।

এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।