...|...|...

জাতীয়

জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৪
Shares
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সফল ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণকে ঐতিহাসিক অভিহিত করে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অভিনন্দন প্রস্তাব নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এর আগে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট এবং তার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর বিশ্বমঞ্চে বক্তব্য দিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘের অধিবেশনে নিজ দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি এক অনন্য রেকর্ড বলে উল্লেখ করে মন্ত্রিসভা।

চার দিনের সফরকালে প্রধানমন্ত্রী ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নেন। অধিবেশনে দেওয়া ভাষণের পাশাপাশি তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তৃতা করেন। এ ছাড়া ১১টি দেশের শীর্ষনেতা এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

মন্ত্রিসভা মনে করে, এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বদরবারে বর্তমান সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা নতুন মাত্রায় ফুটে উঠেছে।