...|...|...

রাজনীতি

রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠকে বিএনপি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, সকাল ১১:৪২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠকে বিএনপি

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের বৈঠকে সর্বসম্মত অনুমোদনের পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতির নাম প্রস্তাব ও মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে স্বাভাবিকভাবেই শূন্য হয়ে পড়বে বিএনপির মহাসচিবের পদটি। ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়েও দলের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন মহাসচিব পদের দৌড়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে।