স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পারিবারিক নামের সাথে মিল রেখে নতুন ইউনিয়ন গঠনের বিতর্ক যেন থামছেই না। প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামের পর এবার তার এক যুক্তরাজ্যপ্রবাসী ভাতিজির নামেও নতুন ইউনিয়নের নামকরণ করার গুঞ্জন উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
এর আগে, নবগঠিত চারটি ইউনিয়নের কয়েকটির নামের সাথে প্রতিমন্ত্রীর দুই ছেলে এবং তার পৈতৃক বাড়ির নামের মিল পাওয়া যায়। বিষয়টি নিয়ে গত সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কথা বলেন স্বয়ং প্রতিমন্ত্রী। সংসদে তিনি এই কাকতালীয় মিলটিকে একটি ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলে আখ্যায়িত করেন। প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের কৌতুহল আরও বেড়ে যায়।
তবে এই ‘মিরাকল’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই গণমাধ্যমে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-এর এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, শুধু ছেলেদের নামেই নয়, প্রতিমন্ত্রীর পরিবারের আরও এক সদস্যের নাম জড়িয়ে আছে নতুন ইউনিয়নের সাথে।
স্থানীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রতিমন্ত্রীর এক ভাতিজি যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন, পরিবারের সদস্যরা তাকে আদর করে ‘স্বর্ণ’ নামে ডাকেন। স্থানীয়দের মধ্যে জোরালো আলোচনা রয়েছে যে, এই ভাতিজির নামকে কেন্দ্র করেই মোকামতলা উপজেলার ঐতিহ্যবাহী ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে গঠিত নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।
একটি উপজেলার একাধিক নতুন ইউনিয়নের নাম এভাবে ঘুরেফিরে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামের সাথে মিলে যাওয়াকে সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা কেবল 'কাকতালীয়' হিসেবে মানতে নারাজ। পক্ষে-বিপক্ষের নানা যুক্তিতে এখন মুখর শিবগঞ্জের রাজনৈতিক মহল।


