...|...|...

স্বাস্থ্য

চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিচ্ছেদ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, বিকেল ৪:৫২ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৬
Shares
চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিচ্ছেদ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল পরিচিত চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল পারস্পরিক সম্মতিতে তাদের প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা। একই পোস্টে তিনি তার স্বামী, মনোরোগ বিশেষজ্ঞ ডা. কুশালকে ট্যাগ করেন।

ফেসবুক পোস্টে ডা. সুষমা রেজা লিখেছেন, দীর্ঘ চিন্তা-ভাবনা ও আত্মসমালোচনার পর তারা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। যারা দীর্ঘদিন ধরে তাদের ভালোবেসেছেন ও পাশে থেকেছেন, তাদের প্রতি সম্মান রেখেই অন্য কোনো সূত্র থেকে নয়, নিজেদের মুখেই এ সিদ্ধান্তের কথা জানাতে চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি জানান, অল্প বয়সে তাদের একসাথে পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় ২০ বছর কেটে গেছে। এই সময়ে তারা একটি পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের অসংখ্য সুখ-দুঃখ, সংগ্রাম ও অর্জনের সাক্ষী হয়েছেন। তবে সময়ের সাথে তারা দুজনই উপলব্ধি করেন, তাদের সম্পর্ক আর আগের জায়গায় নেই। সেই উপলব্ধি থেকেই শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াকে তারা সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন।

ডা. সুষমা রেজা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ তাদের জীবনের যেসব মুহূর্ত দেখেছেন, সেগুলো কখনোই একটি নিখুঁত সম্পর্কের ছবি তুলে ধরার উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি। বরং সেগুলো ছিল তাদের জীবনের বাস্তব ও আন্তরিক মুহূর্ত। একই সঙ্গে তিনি পরিবার, বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা দীর্ঘ পথচলায় তাদের পাশে ছিলেন।

পোস্টে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ব্যক্তিগত এই সিদ্ধান্তকে অনুমান, গুজব কিংবা বিচার-বিশ্লেষণের বিষয়ে পরিণত না করতে। প্রায় ২০ বছরের সম্পর্কের সমাপ্তি তারা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং শান্ত গ্রহণযোগ্যতা নিয়েই টানছেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি সবাইকে পরিবারের সদস্যদের সময় দেওয়ার আহ্বান জানিয়ে লেখেন, জীবন খুবই ভঙ্গুর। তাই প্রিয় মানুষগুলোর সাথে কাটানো সাধারণ মুহূর্তগুলোকে মূল্য দিতে এবং সচেতনভাবে জীবনযাপন করতে হবে।

উল্লেখ্য, ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল মানসিক স্বাস্থ্য, সুস্থ জীবনযাপন ও পারিবারিক সম্পর্ক বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া তারা যৌথভাবে ‘লাইফ স্প্রিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসাসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ব্যক্তিগত জীবনের সংগ্রাম ও পারস্পরিক বোঝাপড়ার গল্প তুলে ধরার কারণে অনেকের কাছেই তারা ‘আইডিয়াল কাপল’ হিসেবে পরিচিত ছিলেন।