...|...|...

সারাদেশ

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল রাবেয়ার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৬
Shares
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল রাবেয়ার

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল রাবেয়ার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে পা পিছলে গুরুতর আহত হয়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া রাজধানীর খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন রাবেয়া। শনিবার সকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে যান তিনি।

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান জানান, ট্রেনটি ছেড়ে দেওয়ার পরও রাবেয়া তাতে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করা হয়। স্টেশনে থাকা আরও কয়েকজনও তাকে সতর্ক করেছিলেন। কিন্তু নিষেধ না শুনে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, সকালে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ছাড়ার সময় ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি বলেন, দুর্ঘটনার পর দ্রুত রাবেয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় রাবেয়া গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছিল।