সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমের চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রাহকদের আবেদন অনুযায়ী এসব অর্থ দেওয়া হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, একই দিনে নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনে গ্রাহকরা মোট ৩৭৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে ব্যাংকটি। পরে ৭ সেপ্টেম্বর থেকে আবেদন যাচাই শেষে অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়।
অর্থ পরিশোধ কার্যক্রমের প্রথম দিনে ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। দ্বিতীয় দিনে ৭ হাজার ২৩৪ জন গ্রাহককে দেওয়া হয় ৩৪০ কোটি টাকা। তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।
ব্যাংক সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। ২ সেপ্টেম্বর আবেদন করেন ১৯ হাজার ৬১৩ জন, যাদের আবেদনের পরিমাণ ছিল ১ হাজার ১৬ কোটি টাকা। আর ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।
এদিকে, গ্রাহকদের অর্থ ফেরতের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার বলেন, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাদের অর্থ উত্তোলন করছেন। পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও চলছে।
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত থাকবে।


