গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো তথ্য যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ঢাকেশ্বরী মন্দিরকে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ হিসেবে উল্লেখ করে আইজিপি জানান, সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
দশমী পর্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পূজা উদ্যাপনের আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, কিছু অপশক্তি গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই যেকোনো তথ্যের সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজার পরিবেশ স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


