ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নতুন করে ঢেলে সাজানো হয়েছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে সংগঠনটির উপদেষ্টা পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের এই পরিষদের নাম ঘোষণা করেছে কোয়াব। উপদেষ্টা পরিষদে সাবেক চার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন ও শাহরিয়ার নাফীসকে রাখা হয়েছে।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন-সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।
কোয়াব জানিয়েছে, ক্রিকেটারদের কল্যাণ, অধিকার আদায়, সুস্থতা এবং বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এদিকে কোয়াবের কেন্দ্রীয় কমিটিতেও নতুন করে তিনজনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন-মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানা। তারা নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের কোয়াবের সঙ্গে যুক্ত করতে পেরে তারা সন্তুষ্ট। তাদের পরামর্শ ও অভিজ্ঞতা ক্রিকেটারদের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে আশা করছে।


