...|...|...

চট্টগ্রাম

কারাগারে চিন্ময়ের মায়ের আদ্যশ্রাদ্ধ করার অনুমতি চেয়ে আবেদন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৩
Shares
কারাগারে চিন্ময়ের মায়ের আদ্যশ্রাদ্ধ করার অনুমতি চেয়ে আবেদন

চট্টগ্রাম কারাগারেই মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান আয়োজন করতে চান কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এজন্য ধর্মীয় উপকরণ নিয়ে একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন তার বড় ভাই রঞ্জন কুমার ধর।

আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ অনুষ্ঠান আয়োজনের সুযোগ চেয়ে আবেদন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রঞ্জন কুমার ধর। এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) তিনি এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন।

আবেদনে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের বিষয় উল্লেখ করে কারাগারের ভেতরে চিন্ময়ের মায়ের আদ্যশ্রাদ্ধ আয়োজনের সুযোগ দেওয়ার কথা বলা হয়। এজন্য শ্রাদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক গণমাধ্যমকে বলেন, ‘আবেদন আমি এখনও দেখিনি। তবে জেল কোডের বিধান অনুযায়ী কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এগুলো ধর্মীয় বিষয়। এ বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করব না।’

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বলেন, ‘উনি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। আমি শুনেছি। এখন উনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন দেখা যাক। আলাদা করে ধর্মীয় উপদেষ্টা আনার বিষয়ে আমার জানা নেই। জেল কোডের বিধানে এমন কিছু দেখিনি কিংবা এর আগেও কারাগারে এ বিষয়ে কিছু দেখিনি, আমার জানা মতে।’

চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, ‘সনাতন ধর্মীয় রীতি ও শাস্ত্রীয় আচারের অংশ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর আমার মায়ের আদ্যশ্রাদ্ধ হওয়ার কথা। চিন্ময় বর্তমানে কারাগারে থাকায় সেখানে যেন ধর্মীয় বিধান অনুযায়ী অনুষ্ঠানটি করতে পারে, সে জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছি। শ্রাদ্ধের প্রয়োজনীয় ধর্মীয় উপকরণসহ একজন পুরোহিতকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার জন্যও আবেদন করা হয়েছে।’

এর আগে মায়ের শেষকৃত্যে অংশ নিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার জন্য কারাগার থেকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। কঠোর নিরাপত্তার মধ্যে সেখানে মায়ের লাশের কাছে যান তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। শেষকৃত্য শেষে আবার তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এবার কারাগারের ভেতরেই মায়ের আদ্যশ্রাদ্ধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ চাওয়া হয়েছে।