...|...|...

আইন ও আদালত

জুলাই গণহত্যা মামলা

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

টাইমস টুডে প্রতিবেদক
আপডেট: ৩ দিন আগে
কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আজকের কার্যক্রমের শুরুতে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

এর আগে গত ১৭ জুন এ মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও একটি আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার অগ্রগতিতে দেখা যায়, গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল-১ কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে উসকানিমূলক ভূমিকা রাখেন এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন।

অভিযোগে আরও বলা হয়, তাদের কথিত ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় অন্তত ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করায় এটি বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।