মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) স্কুলে ভয়াবহ আগুনে কমপক্ষে ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে দুটি স্কুলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে গিয়ে হুড়োহুড়িতে তারা প্রাণ হারায়।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, আগুনে কয়েকজন প্রাপ্তবয়স্কও মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগুনে প্রায় ৩০০টি ঘরও পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।
বিবিসি বলছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়োগ দেওয়া স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর কথা জানায়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহের শেষ দিকে কিনশাসায় একই ধরনের আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানের হল থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে কয়েকজনের মৃত্যু হয়।
ওই ঘটনার পর সরকার দেশের বিভিন্ন স্থানে জনসমাগমের জায়গাগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেয়। পাশাপাশি এসব স্থানে নিরাপত্তার নিয়ম মানা হচ্ছে কি না, তা তদারক করতে দেশজুড়ে বিভিন্ন দলও পাঠানো হয়েছে।

