...|...|...

খেলা

এসিসির সভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:০৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৪
Shares
এসিসির সভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম

ছবি: সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এসিসির বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেলেন তিনি।

শনিবার (২২ আগস্ট) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সভায় তামিমকে এই দায়িত্ব দেওয়া হয়। সভায় এশিয়ার ক্রিকেটের উন্নয়ন, নতুন দেশগুলোর অংশগ্রহণ বাড়ানো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেম ডেভেলপমেন্ট কমিটি এশিয়ায় ক্রিকেটের বিস্তার, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করবে। বাংলাদেশের জন্য তামিমের এই দায়িত্ব পাওয়া তাই গুরুত্বপূর্ণ।

সভায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী বোর্ডেও নতুন সদস্য যুক্ত হয়েছেন।

টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতারের শেখ আবদুল আজিজ বিন সৌদ আল থানি ও সিঙ্গাপুরের মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্যদের মধ্যে মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া এসিসির সভাপতির পদে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও যোগ্য পূর্ণ সদস্যদের তালিকায় যুক্ত করা হয়েছে। এত দিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেই সভাপতির দায়িত্ব ঘুরে ফিরত।

প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা ও অর্থসহ বিভিন্ন বিষয়ে নতুন কমিটি গঠনের অনুমোদনও দিয়েছে সভা।