সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই দলটির পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হলো।


