ভারতের বরেণ্য সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সাথে বাংলাদেশের জয় শাহরিয়ারের বন্ধুত্ব বেশ পুরোনো। এর আগে দুজনে একসাথে গান করেছেন, প্রকাশ করেছেন যৌথ অ্যালবামও, এমনকি ঢাকার মঞ্চেও একসাথে পারফর্ম করেছেন তারা।
সম্প্রতি কলকাতা সফরে গিয়ে নচিকেতার সাথে সাক্ষাৎ করেন জয় শাহরিয়ার। সেই সাক্ষাতের ছবি সামনে আসার পরই ইঙ্গিত মিলছিল, দুই শিল্পী মিলে নতুন কোনো পরিকল্পনার কথা ভাবছেন।
সোমবার (৩ আগস্ট) রাতে সেই চমকপ্রদ খবরটিই জানালেন জয়। তিনি জানান, এবার ঢাকা নয়, বরং যুক্তরাজ্যের লন্ডনে একসাথে গাইবেন তিনি ও নচিকেতা। আইওএন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এ পারফর্ম করবেন দুই শিল্পী।
আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। খবরটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে লন্ডনপ্রবাসীদের কনসার্টে আমন্ত্রণ জানিয়েছেন জয়।
তার এই পোস্টে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন সংগীতাঙ্গনের মানুষেরাও, কেননা বিদেশের মাটিতে বিদেশি শিল্পীর সাথে বাংলাদেশি শিল্পীর এমন বড় পরিসরের আয়োজন সচরাচর দেখা যায় না।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশ পায় নচিকেতা ও জয়ের যৌথ অ্যালবাম ‘তথাগত’। সাত গানের এই অ্যালবামের সব কয়টি গানের সুরকার ছিলেন জয় নিজেই।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নচিকেতাকে নিয়ে একটি বিশেষ কনসার্টের আয়োজন করেছিলেন জয়।
সংগীতজীবনে নচিকেতার তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত সেই কনসার্টেও গান পরিবেশন করেছিলেন জয় শাহরিয়ার নিজে।



