...|...|...

শিক্ষা

এবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৯
Shares
এবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

ফাইল ছবি

প্রাথমিকের পর এবার বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত, বিএড স্কেল, উচ্চতর গ্রেড ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাওয়া নথি অনুযায়ী, সভায় স্কুলের ৩৭৮ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। কলেজে নতুন এমপিওভুক্ত হয়েছেন ২৬৩ জন।

এ ছাড়া ৩ হাজার ৯৫ জন শিক্ষক-কর্মচারী বিএড স্কেল পেয়েছেন। উচ্চতর গ্রেড পেয়েছেন ২ হাজার ৩৭১ জন। এর মধ্যে স্কুলের ২ হাজার ৮০ জন এবং কলেজের ২৯১ জন রয়েছেন। পদোন্নতি পেয়েছেন ২৯৫ জন শিক্ষক-কর্মচারী। তারা সবাই স্কুলে কর্মরত।

এমপিও সংশোধনের সিদ্ধান্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জনের। এর মধ্যে স্কুলের ১ হাজার ১৯১ জন এবং কলেজের ১৬৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অন্যদিকে, ইনডেক্স ডিলেটের অনুমোদন পেয়েছেন ৮০৫ জন। এর মধ্যে স্কুলের ৬৭০ জন এবং কলেজের ১৩৫ জন রয়েছেন।

এ ছাড়া ৩ হাজার ৯৯১ জন শিক্ষক-কর্মচারী এরিয়া বিল পেয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ হাজার ৪১৫ জন এবং কলেজের ৫৭৬ জন।

এমপিও কমিটির সভায় স্কুলের তিনজন শিক্ষককে বদলির সিদ্ধান্তের কথাও নথিতে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে এমপিও কমিটির সর্বশেষ সভার সিদ্ধান্তের ফলে বেসরকারি স্কুল-কলেজের ১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীর এমপিও, স্কেল, গ্রেড, পদোন্নতি, বিল ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে সুবিধা নিশ্চিত হয়েছে।