...|...|...

ধর্ম

এক বছরে ৩ ঈদ ও ২ হজের বিরল সম্ভাবনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৫
Shares
এক বছরে ৩ ঈদ ও ২ হজের বিরল সম্ভাবনা

ছবি: সংগৃহীত

২০৩৯ সালে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। সে বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি বছরের মধ্যেই তিনটি ঈদ ও দুটি হজ উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদের বরাতে এ তথ্য জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি চান্দ্র ক্যালেন্ডার প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে যায়। এ ব্যবধানের কারণেই ২০৩৯ সালে এমন ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হবে।

ড. আল মিসনাদের ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই প্রথম ঈদুল আজহা পালন হবে। ওই বছরের ৬ জানুয়ারি (১০ জিলহজ ১৪৬০ হিজরি) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ঈদুল আজহা উদযাপন হবে।

এরপর প্রায় এক বছর পর আবারও হিজরি বর্ষ পূর্ণচক্র সম্পন্ন করবে। ফলে একই গ্রেগরিয়ান বছরের শেষ দিকে দ্বিতীয়বারের মতো হজ অনুষ্ঠিত হবে এবং ২৬ ডিসেম্বর (১০ জিলহজ ১৪৬১ হিজরি) পালন হবে আরেকটি ঈদুল আজহা।

এর অর্থ, ২০৩৯ সালে একই বছরে দুইবার হজ এবং দুইবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যা অত্যন্ত বিরল ঘটনা। একইসাথে দুটি হজ মৌসুমের আগেই পৃথকভাবে আরাফার দিনও পালন হবে, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন।

এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে আরেকটি ঈদও পড়বে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর উদযাপন হতে পারে। ফলে একটি বছরে দুটি ঈদুল আজহা ও একটি ঈদুল ফিতর, অর্থাৎ মোট তিনটি ঈদ পালনের বিরল সুযোগ আসবে।

উল্লেখ্য, ইসলামি হিজরি বর্ষ চান্দ্র মাসের ওপর নির্ভরশীল এবং এর মেয়াদ ৩৫৪ বা ৩৫৫ দিন। অন্যদিকে গ্রেগরিয়ান বর্ষ সৌরভিত্তিক, যার দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই ব্যবধানের কারণেই ইসলামি তারিখগুলো প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে কিছুটা এগিয়ে আসে।