সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন সংক্রান্ত ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে একটি ভুয়া নোটিশ ছড়ানো হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
তবে এই দাবির কোনো সত্যতা নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তারা জানিয়েছে, প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, পরিবর্তন বা নতুন নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


