যুদ্ধবিরতিতে পৌঁছতে ইরানকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেও তেহরান রাজি তো হই-ইনি, উল্টো ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে হামলা অব্যাহত রেখেছে। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল- সে সম্পর্কে হয়তো কথা বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ লক্ষ্যে সংবাদ সম্মেলনে আসছেন তিনি।
সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সংবাদ সম্মেলন করবেন।
এই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুর উদ্ধার অভিযান ও দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে পারেন তিনি।
এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলন করবেন।
এখন জানানো হলো, সংবাদ সম্মেলনটি হবে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে।
গত শুক্রবার ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে।
যুদ্ধবিমানটিতে দুজন ক্রু ছিলেন। একজন পাইলট, অন্যজন অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধবিমানটিতে ইরানি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আঘাত হানলে দুজনই ককপিট থেকে বেরিয়ে (ইজেক্ট) যান।
পাইলটকে দ্রুতই উদ্ধার করে যুক্তরাষ্ট্র। কিন্তু অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জরুরি ভিত্তিতে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে তাকেও উদ্ধার করে মার্কিন বাহিনী।

