...|...|...

বিশ্ব

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের আসল কারণ ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩২
Shares
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের আসল কারণ ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে ফেরার শর্ত হিসেবে তেহরান অতিরিক্ত ও অগ্রহণযোগ্য ছাড় চেয়েছিল বলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, কেবল আলোচনা পুনরায় শুরু করার শর্ত হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বড় দাবিগুলো আগে থেকেই পূরণ করার কথা বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প তেহরানের প্রতিশ্রুতিগুলোর ওপর ভরসা রাখতে পারছেন না।

ওয়াল্টজ বলেন, আমার মনে হয় এটি একটি অত্যন্ত চতুর ও সুবিধাবাদী চেষ্টা ছিল, যেখানে তারা এমন কিছু প্রস্তাব টেবিলে তুলেছিল যা তারা নিজেরাই জানত যে অগ্রহণযোগ্য। কেবল কথা বলার জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কোটি কোটি ডলারের সম্পদ অবমুক্ত করার দাবি জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রস্তাবটি খারিজ করে দিয়ে বলেছেন যে, ইরানি নেতারা এই চুক্তি চাচ্ছেন কারণ তারা শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। ওয়াল্টজ আরও বলেন, কয়েক মাস আগে আমরা যখন একবার চেষ্টা করেছি, তারপর রাষ্ট্রপতির আর তেমন একটা আস্থা নেই—এটি খুবই স্বাভাবিক ব্যাপার। তবে দিনশেষে এই সংঘাতের কোনো না কোনো সমঝোতা বা ব্যবস্থার মাধ্যমেই অবসান ঘটাতে হবে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য রাষ্ট্রপতি তার সমস্ত বিকল্প খোলা রাখছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষিত যুদ্ধবিরতির সেই প্রস্তাবে হিমায়িত ইরানি সম্পদ অবমুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিশ্বের জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ সমাপ্ত করার দাবি জানানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর বিমান হামলার মধ্য দিয়ে প্রায় সাত মাস আগে ওয়াশিংটন ও তেহরানের এই সংঘাত শুরু হয়েছিল।

যুক্তরাষ্ট্র প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পরপরই এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি মার্কিন কূটনীতিকের করা ‘পুরোনো ও অপ্রমাণিত অভিযোগগুলোর’ তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে আমরা প্রণালীটি খুলে দিতে প্রস্তুত। আর এই নির্দিষ্ট বিষয়গুলো নতুন কিছু নয় এবং মহাশূন্য থেকেও আসেনি।

আবাস আরাঘচি আরও বলেন, এগুলো আমাদের অধিকার, যা আমরা সম্মানিত দেখতে চাই। চুক্তির সম্ভাবনার বিষয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, কূটনীতির আশা সব সময়ই থাকে, তবে সত্যি বলতে কি, গত দুই বছরে এই প্রশাসনের আচরণের কারণে কূটনীতিতে ফিরে আসার এবং তাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো কারণ আমাদের নেই।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শান্তি পরিকল্পনা নাকচ করে দিয়েছেন এবং ইরানি লক্ষ্যবস্তুগুলোতে পুনরায় সর্বাত্মক বিমান হামলা শুরু করার কথা বিবেচনা করছেন। তবে ‘অ্যাক্সিওস’ নামক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে, তিনি আশা করছেন চলতি সপ্তাহেই আলোচনা আবার শুরু হবে।

ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু এটি সেই চুক্তি নয় যা আমি করতে চাই। এটি এমন এক চুক্তি হতে পারে যা হয়তো আমরা এক বছর আগেই মেনে নিতে পারতাম।

তিনি আরও বলেন, তারা অতিরিক্ত চাল চালতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছে।

বিষয়টির সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে যে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা ইতোমধ্যেই সোমবার থেকে শুরু হতে পারে।