শিশু-কিশোরদের ফুটবল ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে রোমানিয়া। এবার অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক ম্যাচে চালু হচ্ছে ‘কালো কার্ড’। ইউরোপের ফুটবলে এমন শাস্তিমূলক ব্যবস্থা এই প্রথম। এর মাধ্যমে গালাগালি, হুমকি, মারামারি কিংবা শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির মতো আচরণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।
রোমানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, নতুন নিয়মটি শিশু ও কিশোরদের বয়সভিত্তিক প্রতিযোগিতায় কার্যকর হবে। মাঠের বাইরে থাকা অভিভাবক ও দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেফারি ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার পর শেষ পর্যায়ে ‘কালো কার্ড’ দেখাতে পারবেন। ফেডারেশনের মতে, ফুটবল শিশুদের জন্য আনন্দ, শেখা ও সুস্থ বিকাশের জায়গা হওয়া উচিত।
নিয়ম অনুযায়ী, প্রথমে অসদাচরণকারী দর্শক বা অভিভাবকদের সতর্ক করবেন রেফারি। এরপর কোচদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। পাশাপাশি মাইকেও সতর্কবার্তা দেওয়া হবে।
এসব পদক্ষেপের পরও পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ ১০ মিনিটের জন্য বন্ধ রাখা হবে। এ সময় দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে।
১০ মিনিট পর খেলা আবার শুরু হলেও একই ধরনের ঘটনা পুনরায় ঘটলে আসবে চূড়ান্ত ব্যবস্থা। তখন রেফারি ‘কালো কার্ড’ দেখিয়ে ম্যাচটি স্থায়ীভাবে বাতিল করতে পারবেন। সেই ম্যাচ আর পুনরায় শুরু করার সুযোগ থাকবে না।
যেসব আচরণে ‘কালো কার্ড’
রোমানিয়ার নতুন নিয়মে খেলোয়াড়দের উদ্দেশে গালাগালি বা অপমানজনক মন্তব্য, শিশু খেলোয়াড়কে ধাক্কা দেওয়া কিংবা আঘাত করা, নিজের দলের কোচিং স্টাফকে অপমান বা আক্রমণ এবং প্রতিপক্ষ খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে অসদাচরণ শাস্তির আওতায় থাকবে।
এ ছাড়া রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের হুমকি, অপমান বা শারীরিক আক্রমণ এবং অভিভাবক ও দর্শকদের মধ্যে ঝগড়া কিংবা শারীরিক সংঘর্ষ হলেও একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া যাবে।
রোমানিয়ান ফুটবল ফেডারেশনের ভাষ্য, বড়দের উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত প্রত্যাশা ও হতাশা যেন শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শিশুদের জন্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরিতে ‘কালো কার্ড’ নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মনে করছে ফেডারেশন।


