আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত জানালেও আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে আরেকবার মাঠে নামতে পারেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে সমর্থকদের সামনে আর্জেন্টাইন মহাতারকার বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায়। তবে সেই ম্যাচের জন্য এখনই প্রস্তুত নন মেসি। শেষ ম্যাচটি কবে হবে, সেটিও এখনো নির্ধারিত হয়নি।
গত ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচের পর জাতীয় দলের হয়ে সেটিই তার শেষ ম্যাচ বলে জানিয়েছিলেন মেসি। এরপর ২১ জুলাই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয় ৩১ আগস্ট।
সেপ্টেম্বর ও অক্টোবরে আর্জেন্টিনার কয়েকটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের মাটিতেও ম্যাচ আয়োজন হতে পারে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ঘরের মাঠে সমর্থকদের সামনে বিদায়ী ম্যাচ খেলার জন্য আপাতত সম্মতি দেননি মেসি।
এএফএর পরিকল্পনা অবশ্য পরিষ্কার মেসি যখন নিজেকে প্রস্তুত মনে করবেন, তখনই দেশের মাটিতে তাকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি মেসির ওপরই ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে সম্ভাব্য সেই ম্যাচের তারিখ এখনো জানা যায়নি। সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনার যে প্রীতি ম্যাচগুলো হতে পারে, সেগুলোর প্রতিপক্ষও এখনো চূড়ান্ত হয়নি। এমনকি ওই ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
মেসির পাশাপাশি আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে ফাইনাল হারের পর স্কালোনি জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত তার চুক্তি নবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
এর মধ্যেই স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়ালতার স্যামুয়েল জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। ফলে মেসির সম্ভাব্য বিদায়, স্কালোনির ভবিষ্যৎ এবং কোচিং স্টাফে পরিবর্তন, সব মিলিয়ে আর্জেন্টিনা ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।


