কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মতো আলেমদের ইমামতি করতে দেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২০) আগস্ট দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের কেবিনে কুষ্টিয়ায় জামায়াত শিবির ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, এই আমির হামজার মতো ভন্ড, উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে নামাজের জন্য ইমামতি করতে দেওয়া তো উচিত না, জুম্মার খুদবা তো দূরের কথা। কাজেই আশা করি কুষ্টিয়ার জনগণ কিংবা যেখানেই এই ভণ্ড প্রতারক আমির হামজারা ওয়াজ করতে যাবে জনগণ সাথে সাথে সেখানেই প্রতিরোধ করবে।
তিনি আরও বলেন, উন্মাদ এমপি আমির হামজা বিভিন্ন সময় আমাদের মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা এবং ফারজানা পুতুলসহ অন্যান্য নারী সংসদ সদস্যদেরকে নিয়ে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এই উন্মাদ আমির হামজা আমাদের প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানকে (কোকো) নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমির হামজার এসব নোংরা ভণ্ডামি কথাবার্তা জামায়াত সাপোর্ট করছে। এছাড়াও সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের কর্মকাণ্ডের পরেও জামায়াত যদি নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করে, তাহলে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমি তাদেরকে বলবো জামায়াতে ইসলামী থেকে ইসলামী নাম বাদ দিতে। কারণ তারা ‘ইসলামী’ নামটি ব্যবহার করে ইসলামের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে।


