‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’ আবেগঘন কণ্ঠে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) -এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নিসচার ১১তম মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম । সেই আন্দোলন এখন আর শুধু আমার বা কোনো সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
আবেগাপ্লুত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা।দীর্ঘ পথচলায় নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা এই উদ্যোগ মানুষের অধিকার ও সচেতনতার অংশ হয়ে উঠেছে। সড়কে প্রাণহানি কমানো এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে ।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। মানুষের জীবন রক্ষার এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান থাকবে।
সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান নিসচা প্রতিষ্ঠাতা।


