ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের মধ্যে আবারও কঠিন সময় পার করছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। চিকিৎসার অংশ হিসেবে এবার চুল হারিয়েছেন তিনি। তবে নতুন এই অবয়ব নিয়ে মন খারাপ না করে বরং নিজেকে নতুনভাবে গ্রহণ করার সাহস দেখিয়েছেন সামিয়া।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাড়া মাথার একটি ছবি প্রকাশ করেন তিনি। চশমা পরা ছবিটিতে তার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ছবির সঙ্গে নিজের বর্তমান সময় ও অনুভূতির কথাও তুলে ধরেন তিনি।
সামিয়া লেখেন, কখনো ভাবেননি জীবনে আবার এমন সময় আসবে, যখন তার মাথা পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে। ছোটবেলায় এমন হলেও তখন বিষয়টি নিয়ে ভাবার বয়স ছিল না বলে জানান তিনি। তবে বড় হওয়ার পর বিশেষ কোনো কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয় বলে উল্লেখ করেন।
নিজের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়ে সামিয়া বলেন, জীবনে কিছু বিষয় পছন্দের না হলেও মেনে নিতে হয়। কিছু পরিবর্তন সহজ না হলেও সেগুলো গ্রহণ করতে হয়। নিজের নতুন রূপকে তিনি সেভাবেই গ্রহণ করছেন বলে জানান।
সামিয়ার উপলব্ধি, সৌন্দর্য শুধু আয়নায় দেখা কোনো বিষয় নয়। নিজের প্রতি ভালোবাসা এবং নিজের বাস্তবতাকে গ্রহণ করার মধ্যেই প্রকৃত সৌন্দর্য।
তিনি বলেন, চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। নিজের প্রতিটি রূপকে গ্রহণ করাই আসল সৌন্দর্য। তার নতুন চেহারাটিও জীবনের একটি গল্প—যেখানে কঠিন সময়ের পাশাপাশি রয়েছে সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসা।
নিজের বর্তমান অবস্থা নিয়েও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন সামিয়া। তিনি জানান, ন্যাড়া মাথায় থাকলেও এ নিয়ে তার কোনো সংকোচ নেই। জীবনের প্রতিটি রূপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আশা করেন, এই কঠিন সময়ও একদিন পেরিয়ে যাবে।
ক্যান্সারের সঙ্গে সামিয়ার লড়াই অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে নিজের ক্যান্সার জয়ের অভিজ্ঞতা প্রকাশ্যে আনেন তিনি। তখন জানান, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।
পরবর্তী সময়ে ক্যান্সারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমেও কাজ শুরু করেন সামিয়া।
তবে প্রায় তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। আর চিকিৎসার সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার চুল হারিয়েছেন সামিয়া।


