প্রতিদিনের নানা কাজে গুগলের ওপর নির্ভর করেন কোটি কোটি মানুষ। তথ্য খোঁজা থেকে শুরু করে ইউটিউবে ভিডিও দেখা, গুগল ম্যাপে পথ খোঁজা কিংবা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করা-এসব কাজের সাথে ব্যবহারকারীর নানা ধরনের ডিজিটাল তথ্য যুক্ত হতে পারে। তবে গুগল আপনার সম্পর্কে ঠিক কী কী তথ্য জানে, তা অনেকটাই নির্ভর করে আপনি কোন সেবা ব্যবহার করছেন এবং অ্যাকাউন্টের কোন কোন সেটিংস চালু রেখেছেন তার ওপর।
গুগলের বিভিন্ন সেবায় সংরক্ষিত তথ্য ও গোপনীয়তা নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা চাইলে নিজেদের কার্যকলাপ দেখতে, নির্দিষ্ট তথ্য মুছে ফেলতে এবং কিছু তথ্য সংরক্ষণের ব্যবস্থা বন্ধ করতে পারেন।
আপনার পুরোনো সার্চও থাকতে পারে
কয়েক মাস আগে গুগলে কী খুঁজেছিলেন, হয়তো আপনার নিজেরই মনে নেই। কিন্তু Web & App Activity চালু থাকলে গুগলে করা বিভিন্ন সার্চ ও কিছু সেবায় আপনার কার্যকলাপ সংরক্ষিত থাকতে পারে।
My Activity-তে গিয়ে এসব তথ্য দেখা যায়। চাইলে নির্দিষ্ট কোনো কার্যকলাপ, নির্দিষ্ট সময়ের তথ্য কিংবা সংরক্ষিত কিছু ডেটা মুছে ফেলার সুযোগও রয়েছে।
ইউটিউব আপনার পছন্দ বুঝতে পারে
ধরুন, কয়েক দিন ধরে আপনি শুধু ভ্রমণবিষয়ক ভিডিও দেখছেন। এরপর ইউটিউবে ঢুকে দেখলেন একই ধরনের ভিডিওর পরামর্শ বেশি আসছে। এর পেছনে আপনার আগের দেখার ইতিহাস ভূমিকা রাখতে পারে।
YouTube History-তে আপনার দেখা ভিডিও ও সার্চের তথ্য সংরক্ষিত হতে পারে। এসব তথ্য কনটেন্টের সুপারিশ আরও ব্যক্তিগতভাবে সাজাতে কাজে লাগতে পারে।
আপনার অবস্থান সম্পর্কেও তথ্য থাকতে পারে
গুগলের Timeline ফিচার চালু থাকলে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া বা চলাচলের তথ্য সংরক্ষিত হতে পারে। ফলে অতীতে কোথায় গিয়েছিলেন, তার একটি ইতিহাসও অ্যাকাউন্টে দেখা যেতে পারে।
তবে এ সুবিধা ও তথ্য সংরক্ষণের ধরন ব্যবহারকারীর সেটিংসের ওপর নির্ভর করে। তাই সবার অ্যাকাউন্টে একই ধরনের তথ্য পাওয়া যাবে, এমন নয়।
একটি জিনিস খুঁজলেন, এরপর বিজ্ঞাপন!
অনলাইনে একটি জুতা বা ফোন খোঁজার পর কিছুক্ষণ পরই একই ধরনের পণ্যের বিজ্ঞাপন চোখে পড়ল-এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। তখন প্রশ্ন জাগে, গুগল কি আমাদের কথাবার্তাও শুনছে?
শুধু এমন বিজ্ঞাপন দেখানোর অর্থ এই নয় যে গুগল আপনার কথা শুনছে। বিভিন্ন ক্ষেত্রে আপনার সার্চ, ব্রাউজিং কার্যকলাপ, আগ্রহ বা অন্যান্য অনুমোদিত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন ব্যক্তিগতভাবে সাজানো হতে পারে।
My Ad Centre থেকে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনের বিভিন্ন নিয়ন্ত্রণ পরিবর্তন করা যায়।
তাহলে কি গুগল আপনার সবকিছু জানে?
এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। গুগল আপনার সবকিছু জানে-এমনটা বলা ঠিক নয়। আপনার ফোনের প্রতিটি তথ্যও স্বয়ংক্রিয়ভাবে গুগলের কাছে চলে যায় না।
কোন তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করা হবে, তা নির্ভর করে আপনি কোন গুগল সেবা ব্যবহার করছেন, কী অনুমতি দিয়েছেন এবং অ্যাকাউন্টে কোন কোন কার্যকলাপ সংরক্ষণের ব্যবস্থা চালু রেখেছেন তার ওপর।
একবার নিজের অ্যাকাউন্ট দেখে নিন
গুগল অ্যাকাউন্টের Data & Privacy বিভাগে গিয়ে My Activity খুললে নিজের সংরক্ষিত বিভিন্ন কার্যকলাপ দেখা যায়। History Settings থেকে Web & App Activity, Timeline ও YouTube History-এর মতো বিষয়গুলোর নিয়ন্ত্রণও করা যায়।
আর বিজ্ঞাপনসংক্রান্ত তথ্য দেখতে পারেন My Ad Centre-এ।
একবার এসব জায়গা ঘুরে দেখলেই হয়তো বুঝতে পারবেন- গুগল আপনার সম্পর্কে কতটা জানে, তার বড় একটি অংশ আসলে নির্ভর করছে আপনি নিজেই গুগলকে কী কী তথ্য সংরক্ষণের অনুমতি দিয়েছেন তার ওপর।



