...|...|...

অন্যান্য

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৬
Shares
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আজ ২৮ সেপ্টেম্বর আন্তজার্তিক তথ্য অধিকার দিবস। ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’- এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সারাদেশে উদ্‌যাপিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

জনগণের তথ্য জানার অধিকার সুসংহত করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তথ্য কমিশন বাংলাদেশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার বহুমাত্রিক কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে প্রকাশ করা এক তথ্যবিবরণীতে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা পর্যায়গুলোতে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া দিবসের মূল প্রতিপাদ্যকে উপজীব্য করে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) প্রেরণ, ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বোর্ডে তথ্য অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন দাফতরিক ওয়েবসাইটে ফেস্টুন প্রচারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) নির্ধারিত মূল থিম ‘এনসিউরিং এক্সেস টু এনভায়রনমেন্টাল ইনফরমেশন ইন দ্য ডিজিটাল এইজের’ সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশ-এর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে তথ্যবিবরণীতে দিবসটির বিশেষ গুরুত্ব বিবেচনায় সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ দেশের সকল ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিপাদ্য বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।