...|...|...

ধর্ম

আজ মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে জুমা পড়াবেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
আজ মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে জুমা পড়াবেন যারা

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন দুজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব।

পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। আর মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ আবদুল বারী বিন আওয়াদ আস-সুবাইতি।

পবিত্র দুই মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের এক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

মক্কার পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। মক্কায় জন্ম নেওয়া এই বিশিষ্ট আলেম দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৭ সালে তিনি এ দায়িত্বে নিযুক্ত হন।

শায়খ উসামাহ খাইয়াত ১৯৫৬ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ খাইয়্যাতের সন্তান। ছোটবেলা থেকেই ইসলামী জ্ঞানচর্চা ও পবিত্র দুই মসজিদের আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে হাদিস ও ইসলামী জ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘ ইমামতি জীবনে তার সুমধুর কোরআন তেলাওয়াত, হৃদয়স্পর্শী খুতবা ও জ্ঞানগর্ভ বক্তব্য মুসল্লিদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অন্যদিকে, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ আবদুল বারী বিন আওয়াদ আস-সুবাইতি। তিনিও দীর্ঘদিন ধরে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সালে তিনি এ দায়িত্ব পান।

এর আগে ১৯৯০ এর দশকে তিনি মসজিদুল হারামে রমজানের তারাবির নামাজের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন। ফলে পবিত্র দুই মসজিদেই ইমামতির অভিজ্ঞতা রয়েছে তার।

শায়খ আবদুল বারী আস-সুবাইতি ১৯৬০ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেন এবং অল্প বয়স থেকেই কোরআন শিক্ষা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত হন। পরবর্তী সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করে ইসলামী ফিকহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচারসহ বিভিন্ন মাধ্যমে মসজিদুল হারাম ও মসজিদে নববীর জুমার খুতবা ও নামাজের সঙ্গে যুক্ত হন।

আজও দেশ-বিদেশ থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি শায়খ উসামাহ খাইয়াত ও শায়খ আবদুল বারী সুবাইতির ইমামতিতে পবিত্র দুই মসজিদে জুমার নামাজ আদায় করবেন।