...|...|...

সারাদেশ

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, রাত ২:৪২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: টাইমস টুডে

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক। শুষ্ক মৌসুমে নদীতে পানি ধরে রাখার পাশাপাশি তিস্তার পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী তিস্তা ব্যারাজের ভাটিতে নতুন একটি ব্যারাজ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অবকাঠামো পুনর্বাসনে কাজ শুরু হয়েছে।

পরে মন্ত্রী পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। এর আগে সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা-বাগান পরিদর্শন করেন তিনি।