চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জনে।
সোমবার (৩১ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুর দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই প্রতিবেদনে আগস্টে আরও একজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে।
গেল ২৮ আগস্ট পাহাড়তলী এলাকার জাফর আহমেদ (৫০) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ ও ‘মাল্টি অর্গান ফেইলর’ উল্লেখ করা হয়েছে। এ নিয়ে আগস্টে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হলো।
গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৯ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮ জন, বিআইটিআইডিতে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন।
চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন। এর মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, যা জুলাইয়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

