গত কয়েক সপ্তাহ থেকেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে বর্তমান চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ অথবা নতুন চেয়ারম্যানের পদায়ন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআরের চেয়াম্যান মো. আবদুর রহমান খান। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ১ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসন শাখা থেকে চেয়ারম্যানের অবসরোত্তর ছুটির পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করে সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুর রহমান খানের জন্ম তারিখ ৩০ জুন ১৯৬৭। সরকারি চাকরি আইন অনুযায়ী তিনি নির্ধারিত বয়সসীমা পূর্ণ করায় ২৯ জুন ২০২৬ তারিখে চাকরি থেকে অবসরে যাবেন।
এতে আরও বলা হয়, তিনি পিআরএল মঞ্জুরসহ প্রচলিত বিধি মোতাবেক ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্ট মঞ্জুরের আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে তার অবসরোত্তর ছুটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে আইআরডি ও এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

