...|...|...

খেলা

অপটার চোখে ২০২৫-২৬ সিজনের সেরা একাদশ।

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ২৫ মে ২০২৬, দুপুর ২:৩৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৮
Shares
অপটার চোখে ২০২৫-২৬ সিজনের সেরা একাদশ।

শতভাগ ডাটা এবং মাঠের পারফরম্যান্সের নিখুঁত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা একাদশ (টিম অব দ্য সিজন) প্রকাশ করেছে বিখ্যাত স্পোর্টস অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অপটা’। দীর্ঘ দুই দশক পর আর্সেনালের ঐতিহাসিক লিগ শিরোপা জয়ের এই স্মরণীয় মৌসুমে স্বাভাবিকভাবেই অপটার বর্ষসেরা একাদশে গানার্সদের জয়জয়কার দেখা গেছে। একাদশে সর্বোচ্চ চার জন খেলোয়াড় জায়গা পেয়েছেন আর্সেনাল থেকে।

অপটার এই পরিসংখ্যানভিত্তিক একাদশে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে সহজ ও অনস্বীকার্য। থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পুরোনো রেকর্ড ভেঙে এই মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি পুরো মৌসুমে রেকর্ড ১৩৬টি গোল করার সুযোগ তৈরি করে দিয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

আক্রমণভাগে ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেই দারুণ আলো ছড়িয়েছেন ফরাসি তরুণ রায়ান চেরকি, যিনি একাদশে জায়গা পাওয়ার পথে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি অ্যাসিস্ট। তার সঙ্গে স্ট্রাইকার হিসেবে অবহারিতভাবেই রয়েছেন সিটির গোলমেশিন আর্লিং হালান্ড, যার পা থেকে এসেছে সর্বোচ্চ ২৭টি গোল।

মাঝমাঠে নটিংহ্যাম ফরেস্টের হয়ে এবার বড় চমক দেখিয়েছেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। আর লিভারপুলের হয়ে দূরপাল্লার দুর্দান্ত সব ফ্রি-কিক ও বৈচিত্র্যময় পজিশনে খেলে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন ডমিনিক সোবোসলাই।

শিরোপাজয়ী আর্সেনালের রক্ষণভাগের দুই মূল স্তম্ভ গ্যাব্রিয়েল মাগালাইস ও উইলিয়াম সালিবা জায়গা করে নিয়েছেন এই তালিকায়। তাদের সঙ্গে রক্ষণভাগে আরও আছেন সিটির ম্যাথিউস নুনেস এবং বোর্নমাউথের আদ্রিয়েন ট্রুফার্ট। অন্যদিকে গানার্সদের মাঝমাঠের প্রাণ ডেক্লান রাইসও নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন অপটার এই সেরা একাদশে।

অপটার দৃষ্টিতে ২০২৫-২৬ মৌসুমের সেরা একাদশ:

  • ডিফেন্ডার: ম্যাথিউস নুনেস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও আদ্রিয়েন ট্রুফার্ট (বোর্নমাউথ)।

  • মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট) ও ডমিনিক সোবোসলাই (লিভারপুল)।

  • ফরোয়ার্ড: রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি) ও ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড)।