রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে ‘তোর কলিজা কেটে ক্যাম্পাসের কুকুরদের খাওয়াবো’–বলে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব।
সোমবার (২৭ জুলাই) রাকসুর নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রলীগ কর্মীর মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, 'সালাউদ্দিন আম্মার তোর কলিজা কেটে ক্যাম্পাসের কুকুরদের খাওয়াবো, এটা মনে রাখিস।' এছাড়া তিনি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সমালোচনা করেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে 'সমুচিত জবাব দেওয়ার' আহ্বান জানান। একই পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমি গালিব ডিসেম্বরে ক্যাম্পাসে আসছি।'
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন,"মার খাইলো আম্মার আর বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বুঝো নাই ব্যাপারটা। জুলাইতে বলেছিলাম এই আন্দোলন জামায়াত-শিবিরের, কেউ বিশ্বাস করো নি। আজ কোথায় তোমাদের কোটা? আজ তোমাদের নিরাপত্তা কোথায়?"
তিনি আরও লেখেন, "একজন জিএস প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেয়, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী নাকি একটাই আমি আসাদুল্লা হিল গালিব। ছাত্রদলের নেতাকর্মীদের উচিত এর সমুচিত জবাব দেওয়া। পরে ভাগে পাবা না, আগেই বলে দিলাম। কারণ আমি গালিব, ডিসেম্বরেই ক্যাম্পাসে আসছি।"


