টালিউডের জনপ্রিয় দুই বোন শুভশ্রী ও দেবশ্রী গাঙ্গুলির সম্পর্কের টানাপোড়েন এখন টলিপাড়ার অন্যতম চর্চার বিষয়। ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে থাকা ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলি যেখানে কাজের ব্যস্ততায় দিন পার করছেন, সেখানে তার বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলির সাথে সম্পর্কের সমীকরণ যে বদলে গেছে, তা এখন স্পষ্ট।
সম্প্রতি দেবশ্রীর ৪২তম জন্মদিনে এই দূরত্বের বিষয়টি আরও প্রকট হয়ে উঠেছে।
নিজের ৪২তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন দেবশ্রী। সেখানে তিনি একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে নিজের জীবনের সংগ্রাম, অনিশ্চয়তা এবং একাকীত্বের কথা তুলে ধরেছেন।
পোস্টে তিনি নিজের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও উপার্জিত শান্তি নিয়ে গর্ববোধ করেছেন। ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেও, অবাক করা বিষয় হলো—এই বিশেষ দিনে বোন শুভশ্রীর পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। ইনস্টাগ্রামেও বহু আগেই একে অপরকে আনফলো করে রেখেছেন তারা, যা তাদের সম্পর্কের তিক্ততাকেই ইঙ্গিত করে।
টলিউডের অন্দরে কান পাতলে এই দূরত্বের পেছনে কয়েকটি বড় কারণ উঠে আসে। ইন্ডাস্ট্রিতে এতদিন দেবশ্রীকে কেবল ‘শুভশ্রীর বোন’ হিসেবে দেখা হলেও, সম্প্রতি তিনি নিজের অভিনয় দক্ষতায় স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। পেশাগত এই পরিবর্তনের পাশাপাশি সন্তানদের লালন-পালন ও পারিবারিক নানা বিষয়ে দুই বোনের মধ্যে বৈষয়িক ও মানসিক মতানৈক্য তৈরি হয়েছে। তবে এই দূরত্বের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে তাদের ভিন্ন রাজনৈতিক মেরুকরণকে।
দেবশ্রী গাঙ্গুলি দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় সদস্য হিসেবে রাজনীতি করছেন, অন্যদিকে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক। রাজনৈতিক আদর্শের এই বিপরীতমুখী অবস্থান যেন দুই বোনের সম্পর্কের মাঝে বড় এক দেয়াল তৈরি করে দিয়েছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—সব দূরত্ব মুছে তারা কি আবার আগের মতো মিষ্টি সম্পর্কে ফিরে আসতে পারবেন, নাকি এই চির ফাটল স্থায়ী রূপ নিল?


