...|...|...

সারাদেশ

‘নামাজ পড়লে নয়, বরং না পড়লে ১০ নম্বর কাটার কথা বলতে চেয়েছিলেন শিক্ষক’

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৬
Shares
‘নামাজ পড়লে নয়, বরং না পড়লে ১০ নম্বর কাটার কথা বলতে চেয়েছিলেন শিক্ষক’

প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়ের ‘নামাজ পড়লে ১০ নম্বর কেটে নেওয়া হবে’ এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের পক্ষে বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকারী প্রধান শিক্ষক। 

তাদের দাবি, প্রধান শিক্ষক মূলত নামাজ না পড়লে পরীক্ষায় ১০ নম্বর কেটে নেওয়ার কথা বলেছিলেন। বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এদিকে রবিবার (১১ অক্টোবর) এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তারা সঠিক তথ্য তুলে ধরার দাবি জানায়। প্রধান শিক্ষকও বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ‘না’ শব্দটি বাদ পড়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক সেলিম বলেন, আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষক এবং মুসলিম। সাংবাদিকতা আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় হিন্দু ধর্মাবলম্বী হলেও বিদ্যালয়ে যোগদানের পর থেকে মুসলিম ধর্মের প্রতি তার আগ্রহ ও শ্রদ্ধা দেখেছি। তিনি মুসলিম ধর্মীয় অনুষ্ঠানগুলো জাঁকজমকপূর্ণভাবে পালন করেন এবং ছাত্রীদের নামাজ পড়তে উৎসাহ দেন। সম্প্রতি নামাজের জন্য একটি কক্ষের ব্যবস্থা করেছেন এবং প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকার জায়নামাজ কিনে দিয়েছেন বলে আমি জানি।

তিনি বলেন, কোনো ছাত্রী নামাজ না পড়লে পরীক্ষায় তার ১০ নম্বর কেটে নেওয়া হবে। কিন্তু কিছু সাংবাদিক কী কারণে এমন একটি বক্তব্য প্রচার করেছেন, তা আমার বোধগম্য নয়। আমরা চাই, বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হোক এবং প্রকৃত তথ্য তুলে ধরা হোক।

তিনি আরও বলেন, চার-পাঁচ-সাত বছর আগের পরীক্ষার খাতা, পুরোনো নোট ও শিক্ষকদের সৌজন্যে পাওয়া গাইড বইয়ের কার্যকারিতা থাকে না। অফিস স্থানান্তরের সময় এসব পুরোনো কাগজপত্র সরানো হয়। ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের খরচের জন্য কমিটির অনুমোদন ও রেজুলেশন অনুযায়ী প্রায় ৬০০ কেজি পুরোনো খাতা ও বই ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। বিক্রির টাকা প্রধান শিক্ষক নিজের হাতে নেননি; অনুষ্ঠানের আয়োজক কমিটির মাধ্যমে তা ব্যয় করা হয়েছে। সেখানে বোর্ডের প্রকাশিত পাঠ্যবই বিক্রি করা হয়নি।

বিদ্যালয়ের শিক্ষার্থী নীলা বলেন,স্যার আমাদের নামাজ পড়ার বিষয়ে উদ্বুদ্ধ করেন। তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও মুসলিম ছাত্রীদের নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ দেন। আমাদের জন্য কার্পেট ও জায়নামাজের ব্যবস্থা করেছেন। নামাজ না পড়লে পরীক্ষায় ১০ নম্বর কেটে নেওয়া হবে বলেও তিনি বলেছেন। তবে আমরা মনে করি, স্যারের বক্তব্যের বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাতে চাই।

নবম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম বলেন,আমাদের শিক্ষকরা প্রতিদিন নামাজ পড়ার বিষয়ে খোঁজ নেন এবং নামাজের জন্য উৎসাহ দেন। স্যারের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি বলে আমাদের মনে হয়েছে। স্যার নামাজ না পড়লে ১০ নম্বর কম দেওয়ার কথা বলেছেন। কিন্তু বক্তব্যের ‘না’ শব্দটি বাদ দিয়ে প্রচার করায় তার সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা চাই, যে সংবাদ প্রচার করা হবে, তা যেন সঠিক তথ্যের ভিত্তিতে হয়।

শিক্ষার্থী আয়েশা তাহাসিন পুথি বলেন,আমাদের প্রধান শিক্ষক কখনো কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন না। মুসলিম ছাত্রীদের নামাজ পড়ার জন্য তিনি একটি সুন্দর কক্ষের ব্যবস্থা করেছেন। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার কথার একটি অংশ ছড়িয়ে পড়েছে। আমরা চাই, পুরো বক্তব্য বিবেচনা করে সঠিক তথ্য প্রকাশ করা হোক। স্যার ক্লাসের সময় থাকলেও ছাত্রীদের নামাজ আদায়ে উৎসাহ দেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শারমিন খাতুন বলেন,আমাদের প্রধান শিক্ষক ধর্মীয় বিষয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকেই ছাত্রীদের ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে তিনি বলেছিলেন, মেয়েরা যেন ঠিকমতো নামাজ পড়ে। নামাজ না পড়লে পরীক্ষায় ১০ নম্বর কম দেওয়ার কথাও তিনি ধর্মীয় শিক্ষককে বলেছেন।

আমার মনে হয়, ভিডিওটি সম্পূর্ণ প্রচার করা হলে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার হতো। তার বক্তব্যের একটি অংশ প্রচার করায় ভুল বোঝাবুঝি হয়েছে। সাংবাদিকদের প্রতি অনুরোধ, এমন কোনো বিষয় প্রচারের আগে বিদ্যালয়ে এসে বা সংশ্লিষ্টদের সাথে কথা বলে সত্যতা যাচাই করুন। এ ধরনের ঘটনা শুধু প্রধান শিক্ষকের সম্মান নয়, বিদ্যালয়ের সুনামকেও প্রভাবিত করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিকী বলেন,আমাদের প্রধান শিক্ষক ধর্মীয় বিষয়কে আলাদা করে দেখেন না। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলে আসছেন। মুসলিম ছাত্রীদের নামাজ আদায়ের জন্য তিনি আলাদা কক্ষের ব্যবস্থা করেছেন এবং সেটি সাজানোর জন্য অর্থও ব্যয় করেছেন। ধর্মীয় শিক্ষককে তিনি বলেছেন, কোনো ছাত্রী নামাজ না পড়লে পরীক্ষায় ১০ নম্বর কেটে নেওয়া হবে। কিন্তু বক্তব্যটি কাটছাঁট করে প্রচার করা হয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি দুঃখজনক।

প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন,আমি হিন্দু ধর্মাবলম্বী হলেও মুসলিম ছাত্রীদের নামাজের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করেছি এবং প্রায় ২২ হাজার টাকার জায়নামাজ কিনেছি। নামাজ না পড়লে পরীক্ষায় ১০ নম্বর কেটে নেওয়ার কথা বলেছি। তবে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ‘না’ শব্দটি বাদ পড়ে যায়। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কাউকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য আমার ছিল না।

 তিনি আরো ও বলেন, কমিটির অনুমোদনে পুরোনো খাতা ও নোট বিক্রি করে পাওয়া ১০ হাজার ৫০০ টাকা ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে ব্যয় করা হয়েছে। শিক্ষকদের ও ছাত্রীদের কাছ থেকেও টাকা সংগ্রহ করা হয় এবং বিদ্যালয়ের সভাপতি আর্থিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে প্রায় ৪৬ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। মুসলিম ধর্মের প্রতি অসম্মান থাকলে এত আয়োজন করে ঈদে মিলাদুন্নবী পালন করতাম না।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ মানুষ মাত্রই ভুল হতে পারে। তাই কোনো বিষয় নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সঠিক তথ্য তুলে ধরুন। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করুন।

আমি পুরো বক্তব্যটি দেখেছি। আমার কাছে মনে হয়েছে, প্রধান শিক্ষক অসাবধানতাবশত কথাটি বলে ফেলেছেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়েছেন। তাই বিষয়টি সঠিকভাবে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের বক্তব্য, ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করে ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরা প্রয়োজন।