...|...|...

বিনোদন

‘দৃশ্যম ৩’-এর আয় ছাড়িয়েছে ৫০০ কোটি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:০২
Shares
‘দৃশ্যম ৩’-এর আয় ছাড়িয়েছে ৫০০ কোটি

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সিনেমাটি মুক্তির ১২ দিনে বিশ্বব্যাপী ৫০১ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত বক্স অফিসের হিসাব অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে। 
জানা গেছে, ভারতের বাজার থেকে সিনেমাটির মোট আয় ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি, যার মধ্যে নিট আয় ৩২৩ কোটি ৫০ লাখ রুপি।বিদেশের বাজার থেকে এসেছে আরও ১১৪ কোটি রুপি। অন্যদিকে সিনেমাটির বাজেট প্রায় ১১০ কোটি রুপি বলে জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষকরা।

বক্স অফিসে এমন সাফল্যের পর সিনেমাটির অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও আলোচনা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে অভিনয়ের জন্য অজয় দেবগন পারিশ্রমিক নিচ্ছেন ১৮ থেকে ২২ কোটি রুপি।

এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর জন্য তার পারিশ্রমিক ছিল ৩০ কোটি রুপি বলে খবর প্রকাশিত হয়েছিল। সে হিসাবে নতুন কিস্তিতে তার পারিশ্রমিক কমেছে বলে দাবি করা হচ্ছে। তবে এই অংক নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু। প্রতিবেদন অনুযায়ী, তার পারিশ্রমিক ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে শ্রিয়া সরন পেয়েছেন প্রায় ১ কোটি রুপি বলে খবর প্রকাশিত হয়েছে।

বিজয় সালগাঁওকরের বড় মেয়ে অঞ্জুর চরিত্রে অভিনয় করেছেন ইশিতা দত্ত। তার পারিশ্রমিক ৫০ লাখ থেকে ৮০ লাখ রুপি বলে জানা গেছে। রজত কাপুরের পারিশ্রমিক ৪০ লাখ থেকে ৭০ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এসব অঙ্কও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। সিনেমাটিতে জয়দীপ অহলাওয়াত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও তার পারিশ্রমিকের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ্যে আসেনি।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তি পেয়েছে গেল ২ অক্টোবর। অজয় দেবগন, টাবু, শ্রিয়া সরন, ইশিতা দত্ত, রজত কাপুর, জয়দীপ অহলাওয়াত ও প্রকাশ রাজ অভিনীত সিনেমাটি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।