...|...|...

বিনোদন

‘তোরে মারার জন্য আসল চাবুক অর্ডার দিছি’-জয়কে ওমর সানী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, সকাল ৭:২৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৮
Shares
‘তোরে মারার জন্য আসল চাবুক অর্ডার দিছি’-জয়কে ওমর সানী

ছবি: সংগৃহীত

ফুটবল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করতে গিয়ে আলোচনায় চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যের জেরে জয়ের ব্যঙ্গাত্মক পোস্টের পাল্টা জবাব দিয়েছেন এই অভিনেতা।

সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জয়ের উদ্দেশে ওমর সানী লেখেন, “শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। সাবজেক্ট: খেলাধুলা, ফান।”

ওমর সানীর এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অল্প সময়ের মধ্যেই হাজারো প্রতিক্রিয়া ও শত শত মন্তব্য জমা পড়ে। অনেকেই এটিকে দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ তাদের আগের পোস্টের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন।

এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় শাহরিয়ার নাজিম জয় একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন।

জয় লিখেছিলেন, “ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমাতে ওমর সানীকে চাবুক মারত মৌসুমী। কেন মারত, এখন বুঝেছি।”

জয়ের ওই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা-সমালোচনা।

পরে নিজের পোস্টের ব্যাখ্যা দিয়ে জয় জানান, বিষয়টি সম্পূর্ণই মজার ছলে করা। তিনি বলেন, খেলাধুলা বিনোদনের একটি মাধ্যম হলেও সেটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়া উচিত নয়।

জয় আরও বলেন, বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে বিভাজন দেখা যায়, তা অনেক সময় অপ্রয়োজনীয় পর্যায়ে চলে যায়। ওমর সানী তার প্রিয় খেলোয়াড় মেসিকে নিয়ে কথা বলায় তিনি বন্ধুত্বপূর্ণ রসিকতা করেছেন।

ওমর সানীর সর্বশেষ পোস্টেও ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ উল্লেখ থাকায় বোঝা যায়, তিনিও বিষয়টিকে ব্যক্তিগত বিরোধ নয়, বরং ফুটবল ঘিরে মজার ছলে করা পাল্টাপাল্টি মন্তব্য হিসেবেই দেখছেন।

দুই তারকার এই সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথন এখন ফুটবলপ্রেমী ও বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।