...|...|...

খেলা

‘তুমি আমাদের ভক্ত বানিয়েছ’, রোনালদোর বিদায়ে আবেগী বোল্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৭
Shares
‘তুমি আমাদের ভক্ত বানিয়েছ’, রোনালদোর বিদায়ে আবেগী বোল্ট

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণায় শুভেচ্ছা জানিয়েছেন অ্যাথলেটিকসের কিংবদন্তি উসাইন বোল্ট। পর্তুগিজ মহাতারকার প্রশংসা করে জ্যামাইকান এই সাবেক স্প্রিন্টার বলেছেন, রোনালদো তার খেলার মাধ্যমে সবাইকে ভক্তে পরিণত করেছেন।

রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন বোল্ট। সেখানে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জন্য তোমাকে অভিনন্দন। তুমি আমাদের সবাইকে ভক্তে পরিণত করেছ।’ একই পোস্টে ২০০৯ সালে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার কার্যালয়ে রোনালদোর সাথে তোলা একটি ছবিও শেয়ার করেন বিশ্বের দ্রুততম মানব।

২০০৯ সাল দুজনের ক্যারিয়ারেই ছিল বিশেষ অর্জনের বছর। ওই বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। অন্যদিকে, বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বোল্ট। একই প্রতিযোগিতায় ৪×১০০ মিটার রিলেতেও চ্যাম্পিয়ন হয়েছিল তার দল।

তবে রোনালদোর সাথে বোল্টের পরিচয় হয়েছিল আরও আগে, ম্যানচেস্টার ইউনাইটেডে পর্তুগিজ তারকার খেলার সময়। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেছিলেন বোল্ট। তিনি জানিয়েছিলেন, ম্যানচেস্টার সফরে গিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে দেখা হয় তার। পরে ফার্গুসনের আমন্ত্রণে ইউনাইটেডের অনুশীলন দেখতে গিয়ে রোনালদোর সাথে পরিচয় হয়।

সেই স্মৃতি তুলে ধরে বোল্ট বলেছিলেন, ‘প্রথমবার তার কথা শুনেছিলাম ম্যানচেস্টার সফরের সময়। আমার মনে আছে, স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে অনুশীলন দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই রোনালদোর সাথে পরিচয়। অনুশীলনে তার করা দুর্দান্ত একটি গোল দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।’

রোনালদোও যে বোল্টের ক্রীড়া প্রতিভার ভক্ত, তা বিভিন্ন সময় প্রকাশ করেছেন। জ্যামাইকান কিংবদন্তিকে ইতিহাসের সেরা স্প্রিন্টার হিসেবে অভিহিত করে পর্তুগিজ তারকা বলেছিলেন, ‘আমি তার ভক্ত।’ অন্যদিকে বোল্ট নিজেও রিয়াল মাদ্রিদের সমর্থক। ক্লাবটি সম্পর্কে তার মন্তব্য ছিল, ‘এটাই বিশ্বের সেরা দল।’